ইউআইটিএস- এ আইসিটি প্রতিযোগিতা ও সেমিনার অনুষ্ঠিত

১৫ নভেম্বর, ২০২৩ ০৯:৫৫  

সহ-শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)- এর শিক্ষার্থী ও শিক্ষকদের নিয়ে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে 'হুয়াওয়ে আইসিটি কম্পিটিশন ২০২৩-২০২৪' রোডশো। একই দিনে বিশ্ববিদ্যালয়ের রত্নগর্ভা তাহমিনা রহমান মাল্টিপারপাস হলে সেমিনার করেছে ইউআইটিএস-এর ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)।

বুধবার বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ১১ নভেম্বর সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দুই পর্বে এই কার্যক্রম সম্পন্ন হয়েছে।

এতে বলা হয়েছে, আইকিউএসি'র পরিচালক প্রকৌশলী মোঃ সাফায়েত হোসেনের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে সেমিনার শুরু হয়। সেমিনারে আলোচক ছিলেন বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ আশরাফুল ইসলাম এবং সিএসই বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান আল-ইমতিয়াজ।

অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ), সাউথ এশিয়া এন্টারপ্রাইজ বিজনেস গ্রুপের চ্যানেল পার্টনার রিলেশনশিপ ম্যানেজার মোঃ শাহজাহান আহমেদ এবং সাউথ এশিয়া এন্টারপ্রাইজ বিজনেস গ্রুপের পার্টনার অপারেশন ম্যানেজার মোঃ এদুল হাসান মিঠুন।

জানাগেছে, দ্বিতীয় দফায় চলমান হুয়াওয়ে আইসিটি প্রতিযোগিতায় বৈশ্বিক রাউন্ডে ৮০টি দেশের ২,৩০০টিরও বেশি বিশ্ববিদ্যালয়ের দেড় লাখ শিক্ষার্থী অংশগ্রহণ করবে। অংশগ্রহণকারীরা হুয়াওয়ের অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম থেকে নির্দিষ্ট কোর্স সম্পন্ন করবেন এবং বাংলাদেশ রাউন্ডথেকে ছয়জন বিজয়ী হুয়াওয়ে ল্যাপটপ গ্রহণ করবেন। আঞ্চলিক বিজয়ীরা চীনে একটি গ্লোবাল ক্যাম্পে অংশ নেওয়ার সুযোগ পাবেন। সেখানে তারা আইসিটি, এআই, ক্লাউড, নেটওয়ার্ক সলিউশন ইত্যাদি বিষয়ে উন্নত জ্ঞান অর্জন করতে পারবেন।

সে লক্ষ্যে জাতীয়, আঞ্চলিক এবং বৈশ্বিক পর্বে আইটিএস বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণকারী শিক্ষার্থীদের তিনটি প্রতিযোগিতার রাউন্ডের জন্য অধ্যয়ন, প্রস্তুতি এবং মক টেস্ট নেয়া হয়। সেমিনারটি শিক্ষার্থীদের প্রতিযোগিতা, এর লক্ষ্য, যোগ্যতার প্রয়োজনীয়তা এবং নিবন্ধন প্রক্রিয়া সম্পর্কে তথ্য সরবরাহ করে প্রতিযোগিতায় অন্তর্ভুক্ত সর্বশেষ আইসিটি এবং প্রযুক্তিগুলি তুলে ধরে।